দেশের বাজারে কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে এবং এর ওপর বিদ্যমান শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাজার পরিস্থিতি পর্যালোচনার পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হয়।
রবিবার শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজারকে সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
মন্ত্রী বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং কাঁচা মরিচ আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু হবে। ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে রাজধানীর বাজারে এক কেজি কাঁচামরিচ কিনতে ৩২০ থেকে ৩৮০ টাকা খরচ হচ্ছে। দুই–তিন আগে এ দর ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। কাঁচা মরিচের উচ্চ দামের কারণে সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সরেজমিনে যা দেখবেন, তা বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরবেন। এতে মানুষ সচেতন হবে, বিভ্রান্তি কমবে। কেউ বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য কারসাজির সুযোগ পাবে না।’
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় (খাদ্য ও কৃষি) পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণসংক্রান্ত সভায় অংশ নেন বাণিজ্য ও কৃষিমন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী। পরে সেখান থেকে তারা সরেজমিনে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।