চট্টগ্রামে মূল্য তালিকা না থাকায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (২ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বেশ কিছু দোকানে নির্ধারিত মূল্যতালিকা টাঙানো হয়নি এবং কেনাবেচায় রসিদ সংরক্ষণ করা হচ্ছিল না। এসব অপরাধে বহদ্দারহাট কাঁচা বাজারের ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন্না পোল্ট্রিকে ৫ হাজার টাকা, রহিমের মুরগির দোকানকে ৩ হাজার টাকা, সেহাবিয়া পোল্ট্রিকে ৩ হাজার টাকা, মহাসেন আওলিয়া স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ মাংস বিতানকে ৩ হাজার টাকা এবং ভাই ভাই সবজি বিতানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। প্রতিটি দোকানে হালনাগাদ মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক। যেসব অসাধু ব্যবসায়ী মূল্যতালিকা ছাড়া কিংবা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবেন, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।