‘জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি!’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা জামায়াতে ইসলামীর পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে-তার এই বক্তব্যও প্রমাণিত বলে দাবি করেন তিনি।

আজ রবিবার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাহেব আজকে আমাকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন। আমাকে তার পছন্দ হচ্ছে না, কারণ আমি তার প্রত্যাশিত বক্তব্য দিচ্ছি না। আমি যদি জামায়াতের দ্বিচারিতাগুলো তুলে না ধরে অনেকের মতো চুপ থাকতাম কিংবা প্রশংসা করতাম, তবে হয়তো তিনি আজ আমার প্রশংসা করতেন।’

তিনি আরও লেখেন, আমি টকশোতে তখনই কাউকে কাউন্টার দিই, যখন আগে আমাকে আক্রমণ করা হয়। ইতোপূর্বে জামায়াত-শিবিরের কেউ যখন আমাকে নব্য বিএনপি বলেছে, আমি তখন তাকে বলেছি, আপনাদের আমিরও একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন! এরপরে সহ-আলোচকের মুখে কুলুপ এঁটে গিয়েছে! আপনি আমাকে ইট মেরে প্রতিক্রিয়া হিসেবে পাটকেল মারাও শেখাচ্ছেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী, তাঁর পরিবার ও মন্ত্রীদের নিয়ে যাচ্ছেতাই বলে, আজকে তাদেরকে জামায়াতের আমির ভূয়সী প্রশংসা করলেন! তার মানে বোঝা গেলো রাজনৈতিক পরিবেশকে জামায়াতের পরামর্শেই নষ্ট করছে এনসিপির কতিপয় ব্যক্তি। 

পোস্টের শেষাংশে তিনি লেখেন, অর্থাৎ আমি পূর্বে যে কথা বলেছিলাম, ‌‌‘জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে এনসিপি!’ আমার এই বক্তব্যের যথাযথ প্রমাণ দেওয়ার জন্য জামায়াতের আমিরকে অসংখ্য ধন্যবাদ।