নরসিংদীতে আধিপত্য বিস্তারে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ, আহত ১০

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া গুরুত্বর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন। 

শনিবার (১ আগস্ট) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। শনিবার রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন। পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম। এসময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরো ১০ জন। পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুত্বর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।