নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জের ধরে বাড়িতে ঢুকে মোমেন মিয়া (৫৫) নামে একজনকে মাথায় ও পায়ে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

রবিবার (২ আগষ্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন— মৃত খালেক মিয়ার ছেলে মোবারক (৬৫), শহীদ মিয়ার ছেলে নাজমুল হোসেন (৩০) ও কুদ্দুস মিয়ার ছেলে রুহুল আমিন (৩৭)। আহতরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদাগরকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল মোমেন সরকারের বাড়ি ও একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার আবুল কাশেম সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। স্থানীয় সংসদ সদস্য দুই পক্ষের বিরোধ মিমাংসাও করেছিলেন। এরপর আবারও তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে রবিবার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেন এর বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় ও পায়ে গুলি করে মোমেনকে আহত করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, পূর্ব পাড়ার কাশেম ও দক্ষিণ পাড়ার ফরিদের লোকেরা একতরফা ঘরে ঢুকে গুলি করেছে। এ সময়  তারা গুলি করে মোমেনকে হত্যা করেছে এবং কয়েকজনকে আহত করেছে। তারা অস্ত্রসজ্জিত হয়ে আমাদের লোকজনকে ডাকাডাকি করেছে সংঘর্ষ করার জন্য, কিন্তু আমাদের পক্ষের লোকজন সংঘর্ষ জড়িত না হয়ে বাড়ি ছেড়ে দূরে ছিলেন, তারপরও তারা এমন হতাহতের ঘটনা ঘটিয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিলো না। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত