গ্রিসের এথেন্সের পশ্চিমাঞ্চলীয় পসাথা এলাকায় দাবানল নেভানোর সময় মাঝআকাশে দুটি 'বেল' হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে চরম বৈরী আবহাওয়ার মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হলেও অন্যজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
সংঘর্ষের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্রু সদস্যদের উদ্ধারে অভিযান শুরু করে। রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, একজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে আরেকজন তখনও নিখোঁজ ছিলেন।
টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার দুটির রোটর পরস্পরের সঙ্গে ধাক্কা লাগার পর একটি হেলিকপ্টারে বিস্ফোরণ ঘটে এবং সেটি আগুনে জ্বলতে জ্বলতে মাটিতে আছড়ে পড়ে।
এদিকে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেন, গ্রিস বর্তমানে চরম আবহাওয়ার মুখোমুখি। অনেক এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে, যা আগুন নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলেছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, এত প্রবল বাতাসে আমাদের হাতে থাকা অসংখ্য উড়োজাহাজও নিরাপদে পরিচালনা করা সম্ভব নয়।