১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। শুক্রবার (২৩ অক্টোবর) অনুমোদিত এ আইনের লক্ষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ মোকাবিলা করা। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে আইন। খবর বিবিসির।
গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস জানিয়েছেন, ব্যবহারকারীদের বয়স যাচাই এবং তাঁদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে আড়াই মাস সময় দেওয়া হয়েছে।
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রণয়নের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম দেশ। গত বছর দেশটি এ-সংক্রান্ত আইন পাস করে। ফ্রান্সেও একই ধরনের একটি আইন পাস হয়েছিল। তবে গত আগস্টে দেশটির সাংবিধানিক পরিষদ আইনটি বাতিল করে দেয়।
এদিকে, বয়স যাচাইয়ের কার্যকর পদ্ধতি তৈরি করতে ইউরোপীয় কমিশনের সঙ্গে কাজ করছে গ্রিসসহ ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশ।
গ্রিস সরকারের বক্তব্য, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার অভ্যাস থেকে দূরে রাখতে এবং অভিভাবকদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের মতে, অনবরত স্ক্রল করার অভ্যাস শিশুদের ঘুম, মনোযোগ এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ কমিয়ে দিচ্ছে।
নতুন আইন কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের পাশাপাশি শিশুদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করাও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে উঠবে।