খুলনা মহানগরীর লবণচরা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, ম্যাগাজিন ও নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকাসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
রবিবার (২ আগস্ট) দুপুরে র্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া এলাকার ফজলুল হক সরদারের ছেলে মো. ইলিয়াস সরদার (৪২), গোপালগঞ্জ সদর উপজেলার বকুলতলা এলাকার তৌহিদের ছেলে মো. সুজন (৩৮) এবং বরগুনার বেতাগী উপজেলার আমুয়া বেপারি পাড়া এলাকার মৃত আমজাদ বেপারির ছেলে মো. নান্না বেপারি (৫৭)।
র্যাব-৬ জানায়, অভিযানের সময় নান্না বেপারির বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ইলিয়াস সরদার ও সুজনের হেফাজত থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি এবং নগদ এক লাখ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব আরও জনিয়েছে, তাদের বিরুদ্ধে খুলনা মহানগরী ছাড়াও পিরোজপুর ও বরগুনার বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, মাদক, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। মামলা শেষে উদ্ধার হওয়া আলামতসহ তাদের খুলনা মহানগর পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।