বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা ১৫ সপ্তাহ অবস্থান করে নতুন রেকর্ড গড়েছে মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী এলা ল্যাংলির নতুন গান ‘চুজিন টেক্সাস’। এর মাধ্যমে কোনো একক নারী শিল্পীর গাওয়া ছুটির মৌসুমের বাইরের গানের মধ্যে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার রেকর্ড এখন তার দখলে। শুধু বিলবোর্ডের একটি রেকর্ডেই থেমে নেই, কান্ট্রি সংগীতের জনপ্রিয়তাকেও নতুন করে সামনে এনেছে গানটি। এলা ল্যাংলির দ্রুত উত্থান তাই সংগীতাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কান্ট্রি সংগীতের আবহে তৈরি গানটির গল্পও বেশ আবেগঘন। এতে এমন এক নারীর কথা উঠে এসেছে, যে উপলব্ধি করে তার ভালোবাসার মানুষটির মন এখনো টেক্সাসেই পড়ে আছে। গানের কথায় টেক্সাসের সংস্কৃতি ও আবহের পাশাপাশি সম্পর্ক হারানোর বেদনাও ফুটে উঠেছে।
গানটির সাফল্যের পেছনে রয়েছে এলার নিজস্ব পরিবেশনভঙ্গিও। আবেগকে বাড়তি নাটকীয়তা না দিয়ে সহজ ও সংযত কণ্ঠে গানটি পরিবেশন করেছেন তিনি। ফলে এর গল্প ও অনুভূতি শ্রোতাদের কাছে আরও সহজে পৌঁছেছে।