এই তো কয়েক বছর আগেই ইধিকা পাল ছিলেন পশ্চিমবঙ্গের বাংলা সিরিয়ালের ব্যস্ত অভিনেত্রী। সিনেমায় অভিনয় করার ইচ্ছে থাকলেও মনের কথা মনেই রেখে দিতেন তিনি। কিন্তু মনের সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটে বাংলাদেশি সিনেমার মাধ্যমে। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রথমবার চলচ্চিত্রে নাম লেখান ইধিকা। সিনেমার নাম ‘প্রিয়তমা’। আর প্রিয়তমার অভাবনীয় ও বিস্ময়কর সাফল্যই বদলে দেয় তার ক্যারিয়ার। শাকিব খানের পর টালিগঞ্জের সময়ের আলোচিত নায়কদের বিপরীতে একের পর এক কাজ করতে থাকেন। মিনি অভিনেত্রী থেকে বনে ব্যস্ত চিত্রনায়িকা। সর্বশেষ শাকিবের সঙ্গে বরবাদ-এ অভিনয় করেও নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান এই লাস্যময়ী।
নতুন আশা জাগিয়ে আবারও এক হচ্ছেন দুই বাংলার দুই তারকা শাকিব-ইধিকা। মেহেদি হাসান হৃদয়ের নতুন ছবিতে জুটি হয়ে আসতে যাচ্ছেন তারা। ছবিটি ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শাকিব খানের বিপরীতে এবার দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।