ঢাকাই সিনেমায় আফরান নিশো ও তমা মির্জার জুটি মানেই দর্শকদের বাড়তি আগ্রহ। ২০২৬ সালের দুর্গাপূজায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হতে যাওয়া নতুন একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। ছবিটি পরিচালনা করবেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এটি হবে তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
নির্মাতা সূত্রে জানা গেছে, নিজের স্বতন্ত্র গল্প বলার ধারা বজায় রেখেই ভিন্ন স্বাদের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভিকি জাহেদ। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই শুরু হবে শুটিং। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দর্শকদের লক্ষ্য করেই এগিয়ে চলছে ছবিটির প্রস্তুতি। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, নিশো-তমা জুটির আগের দুই সিনেমার মতো এবারও প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছে আলফা আই। ফলে এই সফল জুটির নতুন সিনেমা নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।
এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, দুর্গাপূজায় ভিকি জাহেদের পরিচালনায় আফরান নিশো ও তমা মির্জা দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হবেন। তৃতীয়বার জুটি হওয়া প্রসঙ্গে তমা বলেন, ভালো কাজের স্বীকৃতি আসে সেটা অনেকে অনেক আগে পেয়ে যায়, অনেকের অনেক সময় লাগে। এটাকে আমি আগে পাওয়া বলব বা অনেক সময় পরে পেলাম কিন্তু যেটা পেয়েছি সেটার জন্য আলহামদুল্লিলাহ্। দেরিতে হলেও তার পরবর্তী সিনেমাটি ভালো হবে এবং দর্শক পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবে। আমার জন্য সবাই দোয়া করবেন।