সদ্য মুক্তি পেয়েছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। বক্স অফিসেও দারুণ সাফল্য পাচ্ছে ছবিটি। তবে সিনেমার সাফল্যের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছেন এর দুই তারকা টম হল্যান্ড ও জেনডায়া। কারণ, পর্দার পিটার পার্কার ও এমজের প্রেম এখন বাস্তব জীবনেরও পূর্ণাঙ্গ অধ্যায়। ১০ বছর আগে, ২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান : হোমকামিং’-এর অডিশনে প্রথম দেখা হয় টম হল্যান্ড ও জেন্ডেয়ার। এরপর একই ছবিতে অভিনয়ের সময় তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সিনেমা মুক্তির পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হলেও দুজনই দীর্ঘদিন সেটিকে গুজব বলে উড়িয়ে দেন। নিজেদের শুধু ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন।
২০১৯ ও ২০২০ সালে দুজনের নাম অন্য ব্যক্তিদের সঙ্গে জড়ালেও ভক্তদের কৌতূহল কমেনি। অবশেষে ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে গাড়ির ভেতরে তাদের চুম্বনের ছবি প্রকাশ্যে আসতেই সম্পর্কের গুঞ্জন সত্যি বলে ধরে নেয় সবাই। একই বছরের সেপ্টেম্বরে জেন্ডেয়ার জন্মদিনে ইনস্টাগ্রামে ‘মাই এমজে’ লিখে শুভেচ্ছা জানান টম। সেটিই ছিল তাদের সম্পর্কের প্রথম প্রকাশ্য স্বীকৃতি।
এরপর ধীরে ধীরে আরও দৃঢ় হয় সম্পর্ক। ২০২২ সালে লন্ডনে একসঙ্গে বাড়ি কেনার খবর প্রকাশ্যে আসে। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন তারা। টম একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাদের সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং এটিকে যতটা সম্ভব আড়ালেই রাখতে চান। তিনি জেন্ডেয়াকে নিজের ‘সবচেয়ে ভালো বন্ধু’ এবং ‘জীবনের সবচেয়ে বড় ভরসা’ বলেও উল্লেখ করেন।
২০২৪ সালের শেষ দিকে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয় বলে খবর প্রকাশিত হয়।