পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২০

রাজধানীর উত্তরখানের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় দায়িত্বরত ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর। গতকাল রবিবার সকালে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় দুর্বৃত্তরা হামলা করে। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনরত পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় কিছু ‘সন্ত্রাসী’ অতর্কিত আক্রমণ করে। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পুলিশের সংশ্লিষ্ট বিভাগের উপ-কমিশনার। সে সময় হামলাকারীরা প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও চড়াও হয় এবং হামলা চালায়।

এ বিষয়ে ডিএমপির উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান বলেন, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় ডিএনসিসির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।