নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল। শনিবার রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিলেন মাসুম, মামুন ও জয়নালসহ আরও কয়েকজন। পরে সেখানে তাদের ওপর আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।
এতে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন ছাত্রদল নেতা মাসুম। এ সময় বাধা দিতে গিয়ে প্রতিপক্ষের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন ১০ জন। আহতদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।