৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের পাশ থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে মাহমুদা (৯) নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহমুদা তারাকান্দি গ্রামের ইদ্রিস মোল্ল্যার মেয়ে। চার ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রেললাইনের পাশের পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহতের ভাবি শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা লাশ উলঙ্গ অবস্থায় পেয়েছি। তার পরনে যে পোশাক ছিল, সেটিও পাওয়া যায়নি। আমরা ধারণা করছি, সূর্য নামের এক ব্যক্তি তাকে ধর্ষণ করে হত্যা করেছে।’ শুধু তাই নয়, পুলিশও এ বিষয়ে কিছু লুকোচুরি করছেন এমন অভিযোগ করেছেন তিনি। তিনি দাবি করেন, যদি পুলিশ সঠিক তদন্ত করে তাহলে অবশ্যই মাহমুদা হত্যাকা-ের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। তবে এ অভিযোগের বিষয়ে নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ আল ফাহাদ বলেন, ‘প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, অন্য একটি শিশুর সঙ্গে খেলতে গিয়ে আঘাতে তার মৃত্যু হতে পারে।