গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৪ আগস্ট উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি হবে। গতকাল রবিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের শুনানির জন্য এদিন ধার্য করে। আসামিদের বিরুদ্ধে মোট ২৮ জন সাক্ষী জবানবন্দি দেন। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এ মামলার সাত আসামি হলেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সাত আসামির সবাই পলাতক এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই দিন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন জুলাই অভ্যুত্থানে শহীদ মো. আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক। এর আগে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।