রাজধানীতে রিখটার স্কেলে ৭ বা তার বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্প হলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামো ও সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে একই সময়ে বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। তাই আগাম প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০টি ফায়ার স্টেশনকে বিশেষ জরুরি পরিকল্পনার আওতায় আনা হয়েছে।
গতকাল রবিবার রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের জন্য দুই দিনব্যাপী ‘ধগ্নিনিরাপত্তা-বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মুহাম্মদ জাহেদ কামাল বলেন, ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর কার্যকারিতা যাচাই করতে ইতিমধ্যে একটি ড্রাই এক্সারসাইজও সম্পন্ন করা হয়েছে। প্রয়োজন হলে হেলিকপ্টারের মাধ্যমে ছোট আকারের উদ্ধার সরঞ্জাম ও ফায়ার ফাইটার দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।