চায়ের দোকানে বসে পরীক্ষার খাতা দেখার সময় শিক্ষক ধরা

বন্ধুদের সঙ্গে নিয়ে চায়ের দোকানে বসে চলমান এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নকালে সিলেটে এক শিক্ষককে হাতেনাতে ধরা হয়েছে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ওই শিক্ষকের কাছ থেকে বাংলা দ্বিতীয় পত্রের ৪০০ উত্তরপত্রও (খাতা) জব্দ করেছেন। গত শনিবার রাত ১১টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রোসিটি ওমেন্স কলেজের প্রভাষক এবং সিলেট শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক। সোহান শাবিপ্রবি বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শিক্ষাবোর্ড, পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্র জানায়, রাতে দোকানে বসে বন্ধুদের নিয়ে চা খেতে খেতে এইচএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন করছিলেন প্রভাষক ইকবাল হোসেন সোহান। এ সময় তার দুই বন্ধুও খাতা মূল্যায়ন করছিলেন। খাতাগুলো একটি বস্তায় রাখা ছিল। খবর পেয়ে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো জব্দ করেন এবং ওই শিক্ষককে সঙ্গে নিয়ে থানায় যান।

সিলেট জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থানায় আসেন। এ ব্যাপারে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। পরে ওই শিক্ষককে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের হেফাজতে দিয়ে দেওয়া হয়।’