কিংস ও আবাহনীর বিকল্প ভাবনা বাফুফের

২১ আগস্ট এক ম্যাচের ‘চ্যালেঞ্জ কাপ’ দিয়ে মাঠে গড়ানোর কথা নতুন ফুটবল মৌসুম। ২৫ আগস্ট থেকে ফেডারেশন কাপ এবং ২৮-২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড। তবে মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে এসে এক নাটকীয় পরিস্থিতির মুখে পড়েছে ঘরোয়া ফুটবল।

বাংলাদেশ ফুটবল লিগের আসছে আসরে অন্তত ১০ দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এক জরুরি সভায় বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত লিগ থেকে অবনমিত তিনটি ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্সকে আগামী লিগে খেলার জন্য নতুন করে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বাফুফের শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট দলগুলোকে ক্লাব লাইসেন্সিংসহ অন্য সব নিয়মাবলি পূরণ করতে হবে।

কাগজে-কলমে লিগে বর্তমানে ১০টি দল থাকলেও নতুন দল আমন্ত্রণের নেপথ্যে রয়েছে দেশের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ওপর ফিফার দলবদলের নিষেধাজ্ঞা। কিংসের বিরুদ্ধে তাদের সাবেক খেলোয়াড় ও কোচের পক্ষ থেকে দেওয়া ১১টি এবং আবাহনীর বিরুদ্ধে ৩টি অভিযোগের মামলা রয়েছে। অভিযোগ নিষ্পত্তির নির্ধারিত সময়সীমার মধ্যে দুটি অভিযোগের সমাধান করা আবাহনী নিষেধাজ্ঞামুক্ত হওয়ার আশা প্রকাশ করলেও, বসুন্ধরা কিংসকে নিয়ে চরম সংশয়ে রয়েছে বাফুফে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার বলেন, ‘যদি অর্থ জমা দিয়ে নিজেদের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ক্লাবগুলো, তাহলে হয়তো তারাই খেলবে। যদিও নিষেধাজ্ঞা তোলার জন্য ৭ আগস্ট পর্যন্ত সময় রয়েছে।’

যদি শেষ পর্যন্ত দল দুটি খেলার সুযোগ পায় তবে লিগ ১৩ দলে দাঁড়াবে। গত চ্যাম্পিয়নশিপ লিগের সেরা দুটি দলÑ চট্টগ্রাম সিটি ও সিটি ক্লাব বিএফএলে খেলার যোগ্যতা অর্জন করেছে।