স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই রেড ক্রস প্রতিনিধির সঙ্গে অং সান সু চির সাক্ষাৎ

মায়ানমারের নির্বাসিত সাবেক নেত্রী অং সান সু চি সোমবার (৩ জুলাই) আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশটির সরকারের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

৮১ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির স্বাস্থ্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে তিনি আটক রয়েছেন। ওই অভ্যুত্থানের পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্র দেশ মিয়ানমার রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতায় নিমজ্জিত।

সরকারের মুখপাত্র খাইন খাইন সোয়ে টেলিগ্রাম বার্তায় জানান, মিয়ানমারের রাজধানী নেপিদোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে বা সু চির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।