চিপসের প্যাকেটের ভেতরে মৃত্যু ফাঁদ, প্রাণ গেল শিশুর

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা খেলনা প্লাস্টিকের বল গলায় আটকে এক শিশু (৫) মারা গেছে। তার পরিবার জানায়, খেলতে গিয়ে বলটি ভুলবশত গিলে ফেলায় শ্বাসরোধ হয়ে ওই শিশুর মৃত্যু হয়।  

শনিবার (১ আগস্ট) ঘটে যাওয়া এ ঘটনায় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মৃত ওই শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে মাইসুরু জেলার গৌরিপুরা গ্রামের বাসিন্দা। সে বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান।

প্রাথমিক তথ্যে জানা গেছে, চিপসের প্যাকেটের ভেতরে থাকা খেলনা প্লাস্টিকের বলটি শিশুটির গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, প্লাস্টিকের খেলনা বলটি কুরকুরে চিপসের প্যাকেটের মধ্যেই উপহার হিসেবে দেওয়া হয়েছিল। খেলতে গিয়ে শিশুটি সেটি ভুলবশত গিলে ফেলে। পরে বলটি তার গলায় আটকে গিয়ে শ্বাসরোধ হয়।

পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পুলিশ জানায়, এ ঘটনায় পরিবার এখন পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি। ফলে এখনও কোনও অস্বাভাবিক মৃত্যু (ইউডিআর) রিপোর্ট বা ফৌজদারি মামলা করা হয়নি।

কর্তৃপক্ষ জানায়, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিবার আনুষ্ঠানিক অভিযোগ করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।