ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৮:৪২ পিএম

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে এক দম্পতিকে ‘বাংলাদেশি নাগরিক’ আখ্যা দিয়ে রাস্তায় মারধরের অভিযোগে ডা. নাগেন্দ্র বা নাগেন্দ্রপ্পা নামের এক স্থানীয় চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২ জুলাই বেঙ্গালুরুর বেল্লান্দুর এলাকার বেট্টাদাসাপুরায় এই ঘটনাটি ঘটে।

তবে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী দম্পতির জাতীয়তা এবং অভিবাসন সংক্রান্ত দাবির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, ডা. নগেন্দ্রাপ্পা নামের ওই চিকিৎসকের বেঙ্গালুরুতে নিজস্ব ক্লিনিক রয়েছে। বুধবার সকালে তিনি রাস্তায় ২৩ বছর বয়সি নাসরিনা এবং তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন।

নাসরিনা তার অভিযোগে জানান, ডা. নগেন্দ্রাপ্পা জাতীয়তা তুলে প্রথমে তাদের হিন্দিতে গালিগালাজ করেন। এরপর নাসরিনাকে টেনেহিঁচড়ে মারধর করা হয়। তিনি আরও অভিযোগ করেন, এরপর ওই চিকিৎসক তার স্বামী বিলালের ওপর চড়াও হন। বিলালের মাথা ও পিঠে বারবার আঘাত করতে থাকেন। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে লাথি মারা হয় এবং এ ঘটনা পুলিশকে জানালে হত্যার হুমকিও দেন ওই চিকিৎসক।

এ ঘটনায় বেলান্দুর থানা-পুলিশ ওই চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর শ্লীলতাহানি, বেআইনিভাবে পথরোধ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছে। তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি।

গ্রেপ্তারের কিছুক্ষণ আগে অভিযুক্ত চিকিৎসক ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ওই ভিডিওতে তাকে দম্পতিকে ‘বাংলাদেশি’ হিসেবে অভিযুক্ত করতে শোনা যায়। তারা ভারত থেকে বিতাড়িত হওয়ার পর আবারও ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী, শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত ডা. নগেন্দ্রাপ্পা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত