কুমিল্লার বরুড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। রবিবার (২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুগুজী গ্রামের দাসপাড়া এলাকা থেকে ফেনসিডিলের বস্তাগুলো উদ্ধার করা হয়।
বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) সঞ্জয় সরকার জানান, গোপন খবর পেয়ে রবিবার দিবাগত রাতে গুজী গ্রামের দাসপাড়া এলাকায় বরুড়া থানার পরিদর্শক-তদন্ত সঞ্জয় সরকারের নেতৃত্বে উপপরিদর্শক তাজুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি স্থান থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ১৭টি বস্তায় মোট কত বোতল ফেনসিডিল রয়েছে, তা এখনও গণনা করা হয়নি।
ফেনসিডিল গণনা শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মাদক কারবারিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।