ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকের প্রতিবাদ করায় শিহাব (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিহাবকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া এলাকায় ফরহাদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। শিহাব মসজিদ পাড়ার মুক্তার হোসেনের ছেলে।
শিহাবের বড় ভাই মো. সোহাগ বলেন, সকালে এলাকার ১০/১২ জন যুবক মসজিদপাড়ার আমির মো. হোসেনের ছেলে ফরহাদ মিয়ার বাড়িতে গিয়ে মাদক ব্যবসা এবং সেবন করতে মানা করেন। এসময় আমার ভাইও যুবকদের সাথে যায়। কিন্তু ফরহাদ এলাকার যুবকদের কথার গুরুত্ব দেয়নি। যুবকরা ফিরে আসে। সন্ধ্যায় ফরহাদের বাসায় তার শ্যালকরা অবস্থান নেয় খবর পেয়ে এলাকার দুজন মুরব্বীকে সাথে নিয়ে আমার ভাইসহ আরও কয়েজন আবারও তার বাড়িতে যায়। এসময় মাদকের বিষয়ে কথা বলার এক পর্যায়ে ফরহাদ ও তার শ্যালক কোরবান, ইমানসহ অন্যরা যুবকদের উপর অতর্কিত হামলা করে।
হামলায় শিহাবের মাথায় দায়ের কুপে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে আখাউড়া হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।