ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে: শ্যামল এমপি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে। এমন তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।

শনিবার দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সংস্কারকৃত শিশু ওয়ার্ড ও পেইন ওয়ার্ড উদ্বোধন শেষে শহীদ ডা. মিলন মিলনায়তনে হাসপাতালের চিকিৎসক, ড্যাব নেতা ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

২৫০ শয্যা বিশিষ্ট  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি আরও বলেন, হাসপাতালে একটি হার্টের ইউনিট চালুর জন্য কাজ করছি। হার্ট ফাউন্ডেশনকেও আধুনিকায়ন করার কাজ করছি। তিনি বলেন, হাসপাতালের সেবার মান ও পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে, আরও ভালো করতে হবে।

তিনি বলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫০ শয্যার এই হাসপাতালকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি রোগীদের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি সংযোজন, হৃদরোগ ও চক্ষু চিকিৎসাসেবা সচল এবং বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা বিভাগ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে। যাতে জেলার বিপুলসংখ্যক মানুষ এখান থেকে আরও উন্নত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

তিনি হাসপাতালটির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করা হয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তৎকালীন প্রতিমন্ত্রী হারুন-আল-রশীদের অনুরোধ ও উদ্যোগে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ভবিষ্যতে এই হাসপাতালকে আরও উন্নত ও আধুনিক চিকিৎসা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে।

প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে হলে শুধু ভবন নির্মাণ বা শয্যা সংখ্যা বাড়ালেই হবে না, প্রয়োজন দক্ষ চিকিৎসক, নার্স, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং পর্যাপ্ত জনবল। এসব বিষয় বিবেচনায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে একটি আধুনিক ও উন্নত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা ড্যাব সভাপতি ডা. মো. মকবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ।

সভায় ড্যাব নেতা ডা. আকতার হোসেনসহ চিকিৎসক, সাংবাদিক, জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা, হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি সংস্কারকৃত শিশু ওয়ার্ড ও পেইন ওয়ার্ড উদ্বোধন করেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুওে ঘুরে দেখেন ও রোগীদের সাথে কুশল বিনিময় করেন।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত