আদিতমারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

​সোমবার (৩ আগস্ট) ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

​সোমবার দুপুরে র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী ওই শিক্ষার্থী বাড়ির পাশে খেলাধুলো করছিল। এ সময় জীবন মিয়া তাকে ডেকে একটি ফাঁকা টিনশেড ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারকে জানালে দ্রুত তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

​পরবর্তীতে এ ঘটনায় ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত জীবন মিয়া আত্মগোপনে ছিল।

​র‍্যাব জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।