ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্মীপুরে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

লক্ষ্মীপুর পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহানা
খন্দকার এ জরিমানা করেন।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান উপস্থিত ছিলেন।

জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্স নবায়ন ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখায় লক্ষ্মীপুর মিলিনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা ও আবাসিক ভবনে ডায়াগনস্টিক সেন্টার, ডেঙ্গু টেস্ট কিটের রেজিস্ট্রেশন বিহীন এবং এক্সরে মেশিনে মরিচা থাকার অপরাধে ট্রাস্ট মেডিকেল সার্ভিসেসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহানা খন্দকার জানান, লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও বলেন জানান তিনি।