চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

যাত্রীর অন্তর্বাসে দেড় কেজি সোনা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৫ পিএম

দুবাই থেকে পাউডারের রূপ দিয়ে প্রায় দেড় কেজি সোনা অন্তর্বাসের ভেতর লুকিয়ে  আনার অভিযোগে মোহাম্মদ তুষার নামে এক যাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস গোয়েন্দারা।

আজ সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার। বিমানবন্দরের গোয়েন্দা নজরদারিতে তাঁকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শরীর থেকে পাউডার আকৃতির ওই চালান উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তবে এর মধ্যে প্রকৃত সোনার পরিমাণ কত, তা নিশ্চিত করতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। পুরো চালান সোনা হলে এর বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা হতে পারে। আটক যাত্রী মোহাম্মদ তুষারের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার হওয়া পাউডার থেকে প্রকৃত সোনার পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পরীক্ষা শেষে চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত