সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ারবন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন গাভীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি মুখে পড়েছে খামারী আমজাদ আলী প্রামানিক।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬ টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান খামারের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইন হঠাৎ ছিড়ে নিচে পড়ে যায়। এই সময় খামারে থাকা ৩টি গাভী বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তারা আরও জানান, খামারের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে বৈদ্যুতিক লাইন চলে গেছে। এসব লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ বা ফলোআপ দেওয়া হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হত। তারা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রত মেরামত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
ক্ষতিগ্রস্ত খামারী আমজাদ আলী প্রামানিক জানান, দীর্ঘদিন ধরে তিনি ৭টি গাভী পালন করে দুধ বিক্রয়ের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় ৩টি গাভী মারা যাওয়ায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। এক মহুর্তে তার স্বপ্ন ভেঙ্গে গেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবী জানান।
তিনি কান্নাজড়িত কন্ঠে আক্ষেপ করে আরও বলেন, আজকে যে দুর্ঘটনা হয়েছে তা অনেক আগেই আমি আঁচ করতে পেরেছিলাম। যার কারণে আমার বসতবাড়ী ও গোয়াল ঘরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস কোন পদক্ষেপ নেয় নাই। পদক্ষেপ নিলে আজকে আমি এই বিপদে পরতাম না।
এ বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জহির আব্বাস খান জানান, বিদ্যুতের তার ছিড়ে খামারীর ৩টি গরুর মৃত্যুর খবর শুনেছে। তবে ঐ লাইনটি শাহজাদপুর জোনের আওতাধীন নয়। ওটা পাবনা সমিতির আওতাধীন।
এ ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যথাযথ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।