মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ তরুণী

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছগ্রাম এলাকা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওই তরুণী শহিদুল বেপারীর মেয়ে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে কমলা ঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি কার্যক্রম চালায়। তরুণীকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে।