শেরপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, খামারির ব্যাপক ক্ষতি

বগুড়ার শেরপুরে খামারকান্দি ইউনিয়নের ছুতারপাড়া এলাকায় লিজ নেওয়া একটি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুকুরের মাছ মারা যাওয়ায় খামারি আব্দুল মজিদ (৪৫) ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
 
ভুক্তভোগী আব্দুল মজিদ জানান, তিনি স্থানীয় বাসিন্দা শফিকুলের পুকুর প্রায় আড়াই বছর ধরে লিজ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছেন। রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা তার লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে বলে তিনি অভিযোগ করেন। এতে পুকুরের মাছ মারা যেতে শুরু করে এবং তিনি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েন।
 
ভুক্তভোগীর দাবি, পুকুরের মালিক শফিকুলের সঙ্গে একই এলাকার রমজানের ছেলে আব্দুস সামাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে তার সন্দেহ।
 
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদ বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।