বিসিবির কোচ নিয়োগ: এবার পাস ১০৬ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জেলা-বিভাগের কোচ নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষার জন্য ১০৬ জনকে ডেকেছে গেম ডেভেলপমেন্ট বিভাগ। গতকাল রাতে লিখিত পরীক্ষার খাতা দেখে ১২৭ জনকে বাদ দিয়েছে বিসিবি। এবার মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ চূড়ান্ত করবে।

সব মিলিয়ে ৬১ জন (৫৯ জেলা ও ঢাকা মহানগরের ২) কোচ নেবে ক্রিকেট বোর্ড। এর মধ্যে প্রথম ধাপের পরীক্ষায় ১৮ জন নির্বাচিত হন। এখন দ্বিতীয় ধাপে ৪৩টি আসনের জন্য অপেক্ষায় আছেন ১০৬ জন। যদিও বোর্ড সূত্রে জানা গেছে, যোগ্য কোনো প্রার্থীকে বাদ দেবে না বিসিবি। অর্থাৎ মৌখিক পরীক্ষায় প্রয়োজনের অধিক প্রার্থী ভালো ফল করলে সবাইকেই নিয়োগ দেওয়া হবে। যদি এখান থেকেও কোটা পূরণ না হয়, তবে আবার তৃতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ক্রিকেট বোর্ড।

সব মিলিয়ে দ্বিতীয় ধাপে ৩৭৩ জন প্রার্থী কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ব্যবহারিক ও লিখিত পরীক্ষায় অংশ নেন ২৩৩ জন। সেখান থেকে ১০৬ জন কৃতকার্য হয়ে মৌখিক পরীক্ষার সুযোগ পেয়েছেন। এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিসিবির একজন কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে না চেয়ে বলেন, ‘এবার মোটামুটি সব প্রার্থী প্রস্তুতি নিয়ে এসেছেন। ১২৭ জন শুধু লিখিত পরীক্ষায় বাদ পড়েননি। ব্যবহারিক পরীক্ষায় কয়েকজন জিন্স পরে এসেছেন। দেখে মনে হয়েছে, এরা এমনিতেই নিবন্ধন করেছেন।’