দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে চট্টগ্রাম সিটি এফসি। অভিষেক মৌসুমেই শক্তিশালী দল গঠনের লক্ষ্যে দেশের পরিচিত ফুটবলারদের দলে ভেড়ানোর কাজ শুরু করেছে বন্দরনগরীর ক্লাবটি। সেই পরিকল্পনার সবচেয়ে বড় চমক হতে যাচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও জাতীয় দলের মিডফিল্ডার মেহেদী হাসান মিঠু। চট্টগ্রাম সিটি এফসির কর্মকর্তারা জানিয়েছেন, মিঠুর সঙ্গে মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা।
একই সঙ্গে মোহামেডানের আক্রমণভাগের ফুটবলার মাহবুব হোসেনকেও দলে নেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। ক্লাবটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন, ‘মিঠু ও মাহবুবের সঙ্গে আমাদের মৌখিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। আশা করছি খুব শিগগিরই সেটি সম্পন্ন হবে।
ইতিমধ্যে ১৭ দেশি ফুটবলারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম সিটি। জাতীয় দলের ফরোয়ার্ড সুমন রেজার সঙ্গে চুক্তিও সম্পন্ন করেছে তারা। এ ছাড়া গত মৌসুমে পিডব্লিউডির হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা ফরোয়ার্ড স্বাধীনকে দলে নেওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছে। যদিও স্বাধীন জানিয়েছেন, তার সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। বাংলাদেশ পুলিশ এফসি, ব্রাদার্স ইউনিয়নসহ বিভিন্ন ক্লাব থেকে একাধিক খেলোয়াড়কে দলে নিয়েছে চট্টগ্রামের ক্লাবটি। পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কয়েকজন ফুটবলারের সঙ্গেও চুক্তি সম্পন্ন করেছে তারা।
দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলার নিয়েও কাজ করছে চট্টগ্রাম সিটি। ভারত থেকে একজন এবং নেপাল ও শ্রীলঙ্কা থেকে দুজন করে ফুটবলারের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া মিসর ও ব্রাজিল থেকেও ফুটবলার আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। তবে বড় দল গঠনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক সংকট। পর্যাপ্ত স্পন্সর না পাওয়ায় পরিকল্পনা অনুযায়ী তারকা ফুটবলার দলে ভেড়ানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ক্লাব কর্মকর্তারা। নাজিমুদ্দিন বলেন, ‘এটি একটি বিভাগীয় ক্লাব, যেখানে কোনো রাজনীতির প্রভাব নেই। আমরা চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু এখন পর্যন্ত তেমন সাড়া পাইনি। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও আমরা ভালো একটি দল গড়তে চেষ্টা করছি। চট্টগ্রামের মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাশে দাঁড়ালে আরও শক্তিশালী দল গড়া সম্ভব হবে।’