হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার (৩ আগস্ট) সকালে অভিযানটি পরিচালনা করা হয়। রাত ১০টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি
নিশ্চিত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি জানায়, একটি কাভার্ডভ্যানে ভারতীয় চোরাই পণ্য পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
সকাল আনুমানিক ১০টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কাভার্ডভ্যানটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে কার্টনের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষায় গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করছি।