ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড ধস, বলছে মার্কিন জরিপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জনমত জরিপে তার প্রতি সমর্থনের হার ৩৫ শতাংশে নেমে এসেছে।

রয়টার্স জানিয়েছে, গত মাসে ট্রাম্পের সমর্থনের হার ছিল ৩৭ শতাংশ। এক মাসের ব্যবধানে তা ২ শতাংশ কমেছে। জরিপে অংশ নেওয়া অনেক ভোটার অর্থনীতি, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম সামলাতে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

জরিপে আরও দেখা গেছে, প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনীতি পরিচালনায় রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের বেশি উপযুক্ত মনে করছেন ভোটাররা।

আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই ফলাফল রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ওই নির্বাচনের ফলের ওপর আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ভর করবে।

তবে নিজের জনপ্রিয়তা নিয়ে ভিন্ন দাবি করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভুয়া সংবাদমাধ্যমের জরিপ নয়, তার প্রকৃত জনসমর্থন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অর্থনৈতিক নীতি, মূল্যস্ফীতি ও জ্বালানির ব্যয় নিয়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত রয়েছে। এসব বিষয় তার প্রশাসনের জনসমর্থনে প্রভাব ফেলছে বলে রয়টার্স-ইপসোসের জরিপে উঠে এসেছে।

তথ্যসূত্র: আল-জাজিরা