আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি, টহল এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী বা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো পক্ষ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় পৃথক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে।
র্যাব জানায়, অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে সাত দিন আগে থেকেই নজরদারি চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, দিবসটি উপলক্ষে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করবে।