ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে আবারও নিজের ভবিষ্যৎ নিয়ে যেন এক নতুন ধোঁয়াশার সৃষ্টি করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নিজস্ব দাতব্য সংস্থা ‘নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট’-এর ষষ্ঠ নিলাম অনুষ্ঠান চলাকালীন নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন তিনি।
শৈশবের ক্লাব সান্তোসে বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত থাকার কথা পুনর্ব্যক্ত করলেও, এরপর বুটজোড়া চিরতরে তুলে রাখবেন নাকি মাঠের খেলা চালিয়ে যাবেন, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই তারকা ফরোয়ার্ড।
অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলা চালিয়ে যাব। তবে এখনই অবসরের কথা ভাবছি না। সান্তোসের সঙ্গে আমার আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে। আমি এটি সম্মান করতে চাই এবং সর্বোচ্চ দিয়ে সান্তোসের জার্সি গায়ে জড়াতে চাই। এরপর বিষয়টি নিয়ে ভাবব। যখন আমার চুক্তি শেষ হবে, তখন সিদ্ধান্ত নেব।’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় কোপা দো ব্রাসিলে রেমোর বিপক্ষে সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। যার জন্য দলের বাকি সদস্যরা আগেই রওনা দিলেও ব্যক্তিগত দাতব্য সংস্থার একটি অনুষ্ঠানে অংশ নিতে সাও পাওলোতে অবস্থান করছিলেন নেইমার। তবে তিনি নিশ্চিত করেছেন যে, নির্ধারিত দিনে ব্যক্তিগত বিমানে চড়ে সরাসরি বেলেন শহরের মানগুররাও স্টেডিয়ামে দলের সঙ্গে যোগ দেবেন।
নিজের শারীরিক ফিটনেস নিয়ে সম্পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করে তিনি জানান, মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য তিনি এখন পুরোপুরি প্রস্তুত। ‘শারীরিক দিক থেকে আমি দারুণ অনুভব করছি এবং মাঠে দিন দিন আরও উন্নতি করছি। এটাই সবচেয়ে বড় ব্যাপার। আগামীকাল আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আমি কোচ ও দলের জন্য শতভাগ প্রস্তুত। আশা করছি মাঠে নেমে যথাসম্ভব দলকে সহায়তা করতে পারব।’
এদিকে ফুটবলের বাইরে নিজের দাতব্য প্রতিষ্ঠান ‘নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট’-এর কার্যক্রমকে জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে অভিহিত করে নেইমার জানান, মানুষের কল্যাণে কাজ করার এই অনুভূতি তার হৃদয়ের খুব কাছের।