রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির অনুরোধ জানিয়ে তাজহাট থানার অফিসার ইনচার্জের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, গত ৩ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং আরও প্রায় ২০–২৫ জন শিক্ষার্থী আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ৪ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একই সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও সভা-সমাবেশের ডাক দিয়েছে। এতে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাজহাট থানা কর্তৃপক্ষের কাছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
চিঠির অনুলিপি বেরোবি পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যেই পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান এবং তাজহাট থানার ইনচার্জের কোনো মন্তব্য পাওয়া যায়নি।