‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগে আল জাজিরা ‘নিষিদ্ধ’ পাকিস্তানে

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ওপর ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতার’ অভিযোগ তুলেছে ইসলামাবাদ।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার এখন পর্যন্ত আল জাজিরার ওপর কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি।

তবে পাকিস্তানের অনেক ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তারা আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে আল জাজিরার ‘বাছাই করা প্রতিবেদন’-এর সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের দাবি, সংবাদমাধ্যমটি আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘মুজাফফরাবাদের কয়েকটি বাছাই করা ভোটকেন্দ্র থেকে প্রকাশিত প্রতিবেদনে নির্দিষ্ট সময় এবং নির্বাচিত কয়েকজন ব্যক্তির পূর্বনির্ধারিত বক্তব্য তুলে ধরে নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।’

পাকিস্তান তাদের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর অঞ্চলকে ‘আজাদ জম্মু ও কাশ্মীর’ নামে উল্লেখ করে।

মন্ত্রণালয়ের ভাষ্য, এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এবং মুজাফফরাবাদ ও আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণের রায়কে খাটো করার উদ্দেশ্য বহন করে। তাদের দাবি, ভোটাররা এবারের নির্বাচনে ‘নৈরাজ্য ও জবরদস্তি’ প্রত্যাখ্যান করেছেন।