মস্কো অঞ্চলের একটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) চালানো এ হামলার পর রাশিয়া পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় আঘাত হানলে সেখানে অন্তত চারজন নিহত ও কয়েকজন আহত হন। সূত্র রয়টার্স।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, রাজধানী থেকে প্রায় ৬৯ কিলোমিটার দক্ষিণে চেখভ জেলার নভোসেলকি এলাকার একটি শিল্প স্থাপনায় হামলা হয়। এতে একটি গুদামে আগুন ধরে যায়। আহত ১০ জনের মধ্যে সাতজনের অবস্থা মাঝারি এবং একজনের অবস্থা গুরুতর।
গভর্নর হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত না জানালেও ইউক্রেনীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার স্থানটি রাশিয়ার বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজ–এর একটি গুদামের সঙ্গে সংশ্লিষ্ট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন একাধিকবার ওয়াইল্ডবেরিজ পরিচালিত গুদামে হামলা চালিয়েছে। প্রতিষ্ঠানটিকে অনেক সময় ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয়। কিয়েভের দাবি, এসব গুদাম রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে ব্যবহৃত হচ্ছে। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সেন্ট পিটার্সবার্গ ও তভের অঞ্চলেও ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্য করে হামলা হয়েছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও সেন্ট পিটার্সবার্গের একটি স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, রাশিয়ার হামলায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মাইকোলাইভে ৮৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত সাতজনের মধ্যে দুই ও ১২ বছর বয়সী দুটি শিশুও রয়েছে।
রাশিয়া ও ইউক্রেন দুই দেশই দাবি করে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।