আগামী ১৮ আগস্ট মুক্তি পাচ্ছে বলিউড তারকা সানি দেওলের ‘বঁটওয়ারা ১৯৪৭’ সিনেমাটি। এই চলচ্চিত্রটির প্রচার অনুষ্ঠানে কথা বলতে গিয়ে পাকিস্তানকে নিজের ‘মাসি’ বলে মন্তব্য করলেন অভিনেতা। সেইসঙ্গে দেশভাগের আগে ভারত ও পাকিস্তানের ইতিহাসের কথা তুলে ধরেন এই তারকা। পাশাপাশি পাকিস্তান সম্পর্কে বাবা ধর্মেন্দ্রের একটি পুরনো মন্তব্যও তুলে ধরেন তিনি।
সানি প্রথমেই বলেন, ‘পাকিস্তানে কিন্তু শুটিং হয়নি, ভারতে শুটিং হয়েছে।’ এর পরেই তিনি জানান, রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না। বরং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথাই উল্লেখ করেন। বাবা ধর্মেন্দ্রের একটি মন্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘আমরা এই সব বিষয় নিয়ে আলাদা করে ভাবি না। কারণ, একসময় গোটা দেশ একটাই ছিল। বাবা যেমন বলেছিলেন, ‘ভারত আমার মা, আর ওই দেশ আমার মাসি।’ আপনারা সকলে সেই কথাটা জানেন। কোথাও না কোথাও আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্ত।’
সানি দেওল আরও বলেন, তিনি একজন অভিনেতা। তাই তার কাজ গল্প বলা, সেই গল্পকে রাজনৈতিক বিতর্কে টেনে নিয়ে যাওয়া নয়। অভিনেতার কথায়, ‘আমি ওই সব বিষয়ে খুব বেশি যেতে চাই না। আমরা অভিনেতা, গল্প তৈরি করি। গল্প বেছে নিই এবং সেই গল্পই দর্শকের সামনে তুলে ধরি। সেই গল্পকে রাজনৈতিক রং দিতে চাই না। তাই এই বিষয় নিয়ে আমি আর কিছু বলব না।’
‘বঁটওয়ারা ১৯৪৭’ ছবির মাধ্যমে প্রায় তিন দশক পরে আবার একসঙ্গে কাজ করছেন পরিচালক রাজকুমার সন্তোষী এবং সানি। এই ছবিতে দেখা যাবে স্বাধীনতার আনন্দের মধ্যেই দেশভাগের কারণে এক দম্পতির পাকিস্তান চলে যাওয়ার গল্প।