তিন দিনের জন্য সুইমিংপুল পেয়েছে বিসিবি

মিরপুরের একাডেমি ভবনের সামনে একটি সুইমিং পুল নির্মাণের কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই প্রক্রিয়া শেষ হতে আরো সময়ের প্রয়োজন। এজন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে সুইমিং ব্যবহারের অনুমতি চেয়েছিল বিসিবি। সে অনুমতি পেয়েছে তারা। 

টপ এন্ড টি-২০ টুর্নামেন্টের জন্য আসন্ন অস্ট্রেলিয়া সফরকে সামনে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ক্রিকেট দলের প্রস্তুতি চলছে মিরপুরে। সেই প্রস্তুতির অংশ হিসেবে দলের কন্ডিশনিং ক্যাম্পের রিকভারি সেশন পরিচালনার জন্য গত ৩০ জুলাই আগামী ৫ আগস্ট ও ১২ আগস্ট মোট তিন দিন বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সটি ব্যবহার করবে বিসিবি।

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে খেলোয়াড়দের রিকভারি প্রক্রিয়া আরও কার্যকর করতে সুইমিংভিত্তিক সেশন আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিসিবি। আধুনিক ক্রিকেটে এমন রিকভারি সেশন খেলোয়াড়দের ক্লান্তি দূর করা, পেশির পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং পরবর্তী অনুশীলন ও ম্যাচের জন্য প্রস্তুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।