বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল পেসার রুবেল হোসেন আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না—এই সত্যটি যেন মিরপুরের হোম অফ ক্রিকেটে বিষাদের ছায়া হয়ে নেমে এসেছিল। নিজের ছোট ছেলেকে নিয়ে মাঠে হাজির হওয়া রুবেল যখন বিদায়ী বক্তব্য দিচ্ছিলেন, তখন তার কণ্ঠ বারবার ধরে আসছিল। চোখের জল লুকাতে সানগ্লাস ব্যবহার করলেও তার আবেগ ছুঁয়ে গেছে উপস্থিত সবাইকে।
বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের উদ্যোগে রুবেলকে এই বিশেষ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে রুবেলের হাতে তিন ফরম্যাটের জার্সি এবং একটি বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররাও সেখানে উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে রুবেল তার ক্যারিয়ারের শুরু থেকে পাশে থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পেসার হান্ট থেকে তাকে তুলে আনা কোচ সারোয়ার ইমরানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। রুবেল বলেন: "আমি যখন অবসরের ঘোষণা দেই, তখন বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই আমাকে ফোন করে সংবর্ধনার কথা জানান। বোর্ডকে এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। আমার ১২ বছরের এই পথচলায় পরিবার, কোচ এবং মাঠকর্মীদের ভূমিকা ভুলবার নয়।"
বর্তমান দলের পক্ষ থেকে পেসার তাসকিন আহমেদ তার অভিজ্ঞতার কথা শেয়ার করেন, ' অনেক স্মৃতি আছে আপনার সাথে, ভালোমন্দ অনেক কিছু শিখিয়েছেন আমাদের। (২০১৫ বিশ্বকাপে) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ এমন এক পরিস্থিতি ছিল, ২ বলে ২ উইকেট নিয়ে কোয়ালিফাই করতে সাহায্য করছেন। ডোন্ট গোজ ফর হিরোজ অ্যান্ড গোজ ফর হিরোজ এটা সবসময় মনে পড়ে৷'
২০০৯ সালে ওয়ানডে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন রুবেল। দেশের হয়ে তিন ফরম্যাটে মোট ১৫৯টি ম্যাচ খেলে শিকার করেছেন ১৯৩টি উইকেট (২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি)। ২০২১ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার গত ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।
লিটনের শততম ওয়ানডেতেও টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সৌম্য ফিরলেন