রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তি নবায়ন প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ক্লাবের দেওয়া সাম্প্রতিক প্রস্তাব পছন্দ হয়নি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
ইএসপিএনের সূত্রমতে, রিয়ালের পক্ষ থেকে রকে বছরে ২২ মিলিয়ন ইউরোর (টাকায় ৩০৮) নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ২৬ বছর বয়সী এই তারকা এবং তার এজেন্টদের দাবি বার্ষিক প্রায় ৩০ মিলিয়ন ইউরো (৪২০ কোটি টাকা। বর্তমানে চুক্তির শেষ বছরে থাকা ভিনি রিয়াল থেকে বার্ষিক ১৭.৫ মিলিয়ন ইউরো বেতন পান।
ভিনিসিয়ুসের প্রতিনিধি দল মনে করছে, ক্যারিয়ারের এই পর্যায়ে এটিই হতে যাচ্ছে তার জীবনের সবচেয়ে বড় চুক্তি। ২০১৮ সাল থেকে ক্লাবের জন্য তার অবদান—বিশেষ করে দুইটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার বিষয়টি মাথায় রেখে ক্লাব তাকে উপযুক্ত মূল্যায়ন করবে বলেই তাদের প্রত্যাশা।
ইএসপিএন আরও জানিয়েছে, চুক্তি নবায়ন আলোচনা ব্যর্থ হলে ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। আপাতত দুই পক্ষের মধ্যে নতুন কোনো বৈঠকের সূচি নির্ধারিত নেই।
এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ভিনিকে দলে ভেড়াতে তারা আগ্রহী হলেও এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ বা খেলোয়াড়ের প্রতিনিধিদের সাথে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি গানার্সরা।
ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেই হোসে মরিনহোর অধীনে ২০২৬-২৭ মৌসুমের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করতে রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে যোগ দিয়েছেন ভিনিসিয়ুস। ২২ আগস্ট লা লিগার নতুন মৌসুমে প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের।