সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

সাতক্ষীরা শহরের ব্লিস হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতালের নিচতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে উদ্ধার অভিযান চালায়। হাসপাতাল থেকে রোগীদের উদ্ধার করে সদর হাসপাতালে ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে পাঠাচ্ছে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। অ্যাম্বুলেন্সে করে রোগীদের অন্য হাসপাতালে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

হাসপাতালের প্রশাসনিক বিভাগের অতিরিক্ত পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস বলেন, নিচ তলায় আগুন লাগার খবর শুনে আমরা তিনতলা থেকে নিচে নেমে আসি। এরপর রোগীদের দ্রুত সরিয়ে অন্যত্র নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশের সদস্যরা পৌছে কয়েক দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।