ভারত থেকে দুইশ টন কাঁচা মরিচ আমদানি

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

বাজারে কাঁচা মরিচের উচ্চ মূল্য ও প্রাপ্তি অস্থিরতার মধ্যেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২০০ টনের বেশি কাঁচা মরিচ বাংলাদেশে আমদানি হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি ট্রাকে এসব মরিচ দেশে ঢুকেছে।

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে বলে মন্তব্য করেন সাতক্ষীরা শহরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী। এতে কাঁচা মরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে তাঁর আশা।

অন্যান্য ব্যবসায়ীদেরও আশা, আমদানি অব্যাহত থাকলে এক-দুই দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।

ভোমরা কাস্টমস হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১৯টি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আসে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।

বন্দর-কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ট্রাকে প্রায় ১১ টন করে কাঁচা মরিচ আছে। এ পর্যন্ত প্রায় ২ লাখ কেজি, অর্থাৎ প্রায় ২০০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

আমদানিকারক ব্যবসায়ী আব্দুল্লাহ সরদার বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১৯ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। তার আশা, বাজারে সরবরাহ বাড়লে কাঁচা মরিচের দামও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে।

স্থানীয় ব্যবসায়ী লিয়াকত হোসেন বলেন, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যায়। মাত্র ১ মাস আগেও পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনে তা ২৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত