প্রেসক্লাবের সামনে এনডিবি ও এসডিএফ সংঘর্ষ 

রাজধানীর প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) ও রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সংঘর্ষে আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এদের মধ্যে এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও এসডিএফ এর সদস্য সচিব আ ন ম আয়াসও রয়েছেন। 

এসময় হাসপাতালের ভিতরও দুই গ্রুপের সংঘর্ষ বাধে এবং উত্তেজনা তৈরি হয়। শান্তা ফারজানাকে হাসপাতালের ভিতরে অবরুদ্ধ করে তাকে গ্রেফতারদের দাবি জানান তারা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন। এসময় এসডিএফের নেতা আ ন ম আয়াসসহ বেশ কয়েকজন সেখানে গেলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অনেকেই আহত হন।

এসডিএফের নেতারা জানান, সন্ধ্যার দিকে প্রেসক্লাবের সামনে শান্তা ফারজানার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ও প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় তারা এর প্রতিবাদ করতে গেলে তাদের উপর হামলা করে শান্তা ফারজানার লোকজন।

এদিকে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মেহেদি মোমিন জানান, গত ১ আগস্ট শান্তা ফারজানাকে মারধরের প্রতিবাদে আজ প্রেসক্লাবের বিক্ষোভ করছিলেন তারা। সেখানে অনেক সাংবাদিক ছিলেন। হঠাৎ করে আয়াস  লোকজন নিয়ে তাদের উপর হামলা করে। এতে তাদের নেত্রী শান্তা ফারজানাসহ অনেকেই আহত হন।

মঞ্চ ২৪ এর আহবায়ক ফাহিম ফারুকী হাসপাতালের সামনে স্লোগান দেন। এবং বলেন শান্তা ফারজানা প্রেসক্লাবের সামনে জুলাই যোদ্ধাদের ও প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। হাসপাতাল থেকেই তাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার না করা পর্যন্ত হাসপাতাল ছাড়ব না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষের হট্রগোল হয়। এসময় প্রায় দেড়ঘণ্টা জরুরি বিভাগের চিকিৎসা সেবা ব্যহত হয়। রোগী এবং রোগীর স্বজনদের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়। বর্তামানে এক পক্ষ হাসপাতালের বাইরে ও অপর পক্ষ হাসপাতালের ভিতরে অবস্থান করছে।