সংগীতপ্রেমীদের জন্য বিশেষ এক আড্ডার আয়োজন নিয়ে আসছেন গায়ক এঞ্জেল নূর।
আগামীকাল ৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের অ্যারিস্টো টাওয়ার-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিওয়াইডি এক্স এঞ্জেল নূর : অ্যান ইভেনিং অব মিউজিক’। এই ইভেন্ট উপলক্ষে এদিন সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। মিউজিক্যাল নাইট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে এঞ্জেল নূর তার নতুন প্রজেক্ট ও আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এছাড়া আরও কয়েকজন শিল্পীও এ অনুষ্ঠানে গাইবেন।
উচ্ছ্বসিত এঞ্জেল নূর জানান, সাম্প্রতিক সময়ে রিলিজ হওয়া ‘প্রেমের সূচক’ গানটি প্রথমবারের মতো লাইভ পারফর্ম করবেন তিনি। ‘প্রেমের সূচক’ ছাড়াও কনসার্টে তার নিজস্ব সিগনেচার গানগুলো এবং কিছু জনপ্রিয় ওপার বাংলার গান পরিবেশন করবেন। পাশাপাশি শ্রোতাদের জন্য থাকছে বিশেষ চমক, শোনাবেন নতুন দুটি অ্যালবামের অপ্রকাশিত কিছু গান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই বিশেষ সংগীত সন্ধ্যা।