ঐতিহাসিক জুলাইয়ের স্মৃতি, গণআন্দোলনের চেতনা এবং ঐক্যবদ্ধ সাংস্কৃতিক প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিতে আজ ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। ‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর উদ্যোগে আয়োজিত এই কনসার্টে দেশের জনপ্রিয় তারকাশিল্পী ও ব্যান্ডদলগুলো গান পরিবেশন করবে। আয়োজনটি সর্বসাধারণের অংশগ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে।
কনসার্টের আকর্ষণীয় লাইনআপে রয়েছে দেশের শীর্ষ সারির ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং কুঁড়েঘর। পাশাপাশি একক পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও সময়ের আলোচিত র্যাপার সেজান। এ ছাড়া বিশেষ পরিবেশনা পরিবেশন করবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ানস ও কাজি আহনাফ তাহমীদসহ আরও বেশ কয়েকজন পরিচিত সংগীতশিল্পী।
শিল্পীদের পরিবেশনায় থাকবে আবেগ, ইতিহাস ও নতুন চেতনার বৈচিত্র্যময় গান। আর্টসেল পরিবেশন করবে নজরুলের বিখ্যাত গান ‘দুর্গম গিরি কান্তার মরু’, আর্ক শোনাবে আশির দশকের জনপ্রিয় গান ‘যা রে যা, উড়ে যা পাখি’ এবং আসিফ আকবরের কণ্ঠে ধ্বনিত হবে ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’। র্যাপার সেজান গাইবেন তরুণদের বৈষম্যবিরোধী প্রতিবাদের গান ‘৫২-র তে ২৪-এ তফাত কই রে?’।
আয়োজন ঘিরে শ্রোতাদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। শিল্পীরা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তা দিয়ে দর্শক-শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছেন। ব্যান্ড শিরোনামহীন যৌথ সাহসের গান গাওয়ার আহ্বান জানিয়েছে। কুঁড়েঘরের ভোকাল তাসরিফ খান জানান, গান শুধু বিনোদন নয়, মানুষের অনুভূতি ও ইতিহাসেরই ভাষা। তাই গানে গানে প্রতিবাদের জন্য সবাইকে এক হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
আয়োজকদের মতে, দিনটিকে স্মরণ করার পাশাপাশি গানের মাধ্যমে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলাই মূল উদ্দেশ্য। নিরাপত্তা ও মঞ্চ নির্মাণের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এটি একটি সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।