ভারত সম্পৃক্ত নয় শেখ হাসিনার কর্মসূচিতে : মুখপাত্র

ভারত দাবি করেছে, নয়াদিল্লিতে আজ বুধবার সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার যে কর্মসূচি আছে, তা একটি বেসরকারি অনুষ্ঠান। এই আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জয়সওয়াল বলেন, ‘আপনারা যে আলাপচারিতার কথা বলছেন, তা একটি বেসরকারি গণমাধ্যম সংস্থা আয়োজন করেছে। এতে সরকারের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই, এই ফোরামে প্রকাশিত কোনো মতামতকে [ভারত] সরকার সমর্থন করে না।’

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদচ্যুত শেখ হাসিনার আজ বুধবার নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) এক আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখার কথা রয়েছে।

এমন আয়োজনে শেখ হাসিনার বক্তব্য রাখার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক গতি ব্যাহত হতে পারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া আসার পর ভারতের মুখপাত্র এ কথা বললেন।  

ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যাতে দেশটির ভূখ- ব্যবহার করে রাজনৈতিক কর্মকান্ড করতে না পারে, সে বিষয়ে দেশটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সোমবার (৩ আগস্ট) ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে সরকারের এ বার্তা দেন।